Archive for the ‘অন্য বিষয়’ Category

খুন শব্দে শব্দের খুন

Saturday, March 1st, 2008

খুন শব্দে শব্দের খুন
[2007]

এক সহৃদয় মানুষের কাছ থেকে শব্দ খুন করার কায়দা শিখে নিতেই - আর্তনাদ শুরু হয়; কী-বোর্ডে ও সেই হেতু স্ক্রীনেও। বোঝা যায় অলরেডী আতাক্যালানে দুটো-চারটে শব্দরা খুন হচ্ছে এ’পাতা ও’পাতায় আর বাওয়ালবিধির ব্যাকরণ বইয়ে বানানবিধির বাওয়ালী হ’লে, শব্দের ন্যাড়া লাশে ভেসে যাচ্ছে ভাষা ও নোটবই, তার ক্যাবলা আকাশ। ফলে, অনেকেই খুন চাইছে খুন শব্দে শব্দের খুন, খুনী বোতামের মতো, খট খট খট খট - শব্দের ব্যাকস্পেসে খুনী শব্দের খুন করছে বেছে বেছে।

সে শব্দে আসলে শব্দের খুন। সে শব্দ আসলে শব্দ খুনের শব্দ।


এই লেখাটি স্বাধীন নয় ও অনেকটাই পূর্ব প্রসঙ্গের উপর নির্ভরশীল, যে প্রসঙ্গ আবার এ প্রসঙ্গে অপ্রাসঙ্গিক। লেখাটি কোনো এক ঘটনার পরিপ্রেক্ষিতে লেখা, যেখানে ভুল বানানের শব্দগুলিকে খুন করে, তাদের জায়গায় ঠিক বানানের শব্দগুলিকে আনার কথা বলা হয়েছিলো। চরিত্র নয়, লেখাটির গঠনটি ভালো লেগে গেছিলো বলে এটি জমা পড়লো এই লেখালিখির খাতায়

তাৎক্ষণিক তাৎপর্যমন্ডিত ও পূর্বানুসঙ্গনির্ভর এই লেখাটি আদিতে লেখা হয়, সামহোয়্যারইনব্লগে ‘একটি বাংলা ব্লগকথায়’ , 2007 সালের 8ই মে তারিখে। দুই চারিটি কাব্যময় মন্তব্যের সহিত আদি লেখাটি পড়ার জন্য ক্লিক করা যেতে পারে এখানে

কলকাতা বইমেলা

Monday, February 11th, 2008

খবর পেয়েছিলুম বইমেলা শুরু হবে উনতিরিশে জানুয়ারী আর সেই আশায় নাচতে নাচতে কলকাতা হাজির হলুম তিরিশ তারিখ। আর পৌঁছে শুনলুম, কলকাতা বইমেলা নামক গাজরটি, প্রথমে চন্দ্রমুখী আলু থেকে পরে ক্রমে আঁটিসার বিলিতি আমড়া ও হাইব্রীড চালকুমড়ো হয়ে, এবারে একটি কানা রাঙামূলোয় পরিণত হতে চলেছে। ফি বছর মেলা শেষে মাছভাজার খোসা, ব’য়ের উড়ুনি আর এঁটো খড়বিচালি কুড়ুতে কুড়ুতে জলপাই কাকুদের মেলা গোঁসা হলো। তাই তেনারা হুড়কো দিতে উটে পড়ে লাগলেন। ফাঁক বুঝে, গিলুবাবু নিলুবাবু এন্তার পোতিবাদ বিলুলেন। ধেড়ে প্রকাশকরা কেউ মুখ বাঁকালেন, কেউ পোঁদ। ছোটো প্রকাশকরা নিজেদের পেট চাপড়ে কপাল ফাটিয়ে ফেললেন প্রেস আর কাগজোলার বাকীতে। গুদোমে ও গোয়ালে বই আর নাদা জমে পাহাড় হলো। নেপোবাবু দই খাবেন বলে দুটো প্লেট আর একটা এক্সট্রা চামচ দিতে বললেন।

আমোদগেঁড়ে জনতা বেকুব বনে বসে রইলো সার্কাসের মাঠে।

কৌরব 23

Friday, January 4th, 2008

Kaurab Online: Cover of Bengali Literture

কৌরব অনলাইনের 23তম সংখ্যা প্রকাশিত হলো। প্রতিটি সংখ্যাতেই যেমত সযত্ন সাহিত্যযাপনের ছাপ দেখে আজকের এই টান ভালোবাসা, 23-ও তার ব্যতিক্রম নয়। কৌরব অনলাইন 23-এ যা শুরুতেই মনোযোগ টানে, তা এক দল নতুন কবির নতুন কবিতা ও নতুন গদ্য। আর জন অ্যাশবেরীর কবিতা নিয়ে আর্যনীলের ধারাবাহিক লেখার দ্বিতীয় পর্ব

অ্যালবার্ট অশোকের রং ও আবছা আদলের নির্ণিমেষ চোখ মেলে থাকা প্রচ্ছদ (ছবি: উপরে) থেকে শুরু হয় এক পাঠনির্মাণ যা ক্রমপ্রত্যাশী যখন নতুন কবিতার পাতায় আঙুল। অতনু সিংহের কবিতায় ভাব ও সচেতনতার অবচেতন ছড়াছড়ি ও তা প্রতীকমুখিনতায় প্রায়শঃ ভারাক্রান্তও। বক্তব্যপ্রধান ও স্লোগানধর্মী এইধরণের লেখাতে আমাদের দেওয়ালগুলি অচিরে ভরে উঠবে, এই-ই কেবল আমাদের আশা। লুবনা চর্যার “বাই প্রোডাক্ট” সিরিজ পরিশ্রমের আভাস দেয়, ভালো লাগে সেগুলির ফর্মনিবিষ্টতা। হিন্দোল ভট্টাচার্যের ছোটো লেখাদুটি, দুটি সাদা রুমালের বিষণ্ণতা; শোকসভায় নীরবতাপালনের মাঝে অস্ফূটে ডুকরে ওঠা কিশোরীর চাপা কান্নার মৃদু শব্দ। আর সুবীর বোসের হারিয়ে যাওয়া হাওয়াই চটিতে, নরম তুলিতে, হেসে ওঠা পেনসিলে মাঝে মাঝে লেগে থাকে তার ব্যক্তিগত লিখনভঙ্গিমা। তবে বেনামী চিঠি বেশ মৃদু ও সাবধানী ঠেকে। সাইফুল্লা মাহমুদ দুলালের লেখায় বরং অনেক নিজস্বতা ও নতুন উচ্চারণ, নতুন শব্দবোধের আভাষ। বিষয়কে এত কাছ থেকে দেখা, একপ্রকার বিভ্রমের হেতু হয়। ঘোষণায় তখন চোখে পড়ে মোমালো শব্দের ঋণ। প্রদীপ চক্রবর্তীকে নবীন বলা যায় না তার নতুনত্ব ও ভাষাগঠনের মুন্সীয়ানায়। নতুন নতুন শব্দ ও তাদের নতুন নতুন সম্পর্কের টানাপোড়েনকে প্রদীপ তার ছোটো ছোটো বাক্যবন্ধে ধরে রাখেন সুন্দর। রঙ্গীত মিত্রের কবিতার থেকে তার পরিচিতিটি চিত্তাকর্ষক ঠেকে ও পরিচিতিপাঠশেষে কবিতাটি পড়লে সত্যই মনোগ্রাহী একটি ছবি দেখা যেতে থাকে। শৈবাল সরকারের প্রথম কবিতাটি পাঠককে (পড়ুন আমাকে) টেনে নিয়ে যায় তাঁর দ্বিতীয় কবিতাটিতে, যা পুনরায় পাঠককে (আবার পড়ুন আমাকে) টানে তাঁর তৃতীয় কবিতায় ও তৃতীয় থেকে পঞ্চম, সপ্তম ও দশম কবিতায়, যা কৌরব 23-এ থাকে না বলে পাঠক (এবারে পড়ুন আমি) অল্প দুঃখিত হই। অরিন্দম রায়ের সবেধন নীলমনি কবিতাটি মন দিয়েও পড়েও বেশ আবছা ঠেকে ও মনে “একটি কবিতা পড়ে কোনো মন্তব্য করা ঠিক না” গোছের একপ্রকার ডিপ্লোম্যাটিক ভাব দেখা দেয়।

বইপাড়ার গান

Wednesday, December 12th, 2007

বইপাড়ার গান »

বইপাড়া ডট কম এবার বের করলো বইপাড়ার গান, যা বইপাড়ার শীর্ষসঙ্গীত হিসেবে এ মরসুমে মার-কাটারি হিট যাবে বলে নিন্দুকেরা উচ্চাশা পোষণ করছে। গানটি লিখেছেন, সুর দিয়েছেন, গেয়েছেন, বাজিয়েছেন এবং শুনেছেন - অনুপম রায়।

অনুপম বাঙালী ও কবি। তাই অনুপমের বাংলা লেখালিখি পড়া যেতে পারে এইখানে »
aroyfloyd.blogspot.com

বইপাড়ার গান এমপি3 হিসেবে সংগ্রহ করা যেতে পারে এইখানে »

বইপাড়ার ব্লগপাড়া

Sunday, September 30th, 2007

boipara.blogspot.com  - A Bangla Blog Aimed to Archive Bengali Literature

বইপাড়া ডট কম (Boipara.com - Online Archive of Bangla Literature) এবার চালু করলো বইপাড়ার ব্লগপাড়া। ইন্টারনেটে বাংলা সমান্তরাল সাহিত্য ও অপ্রাতিস্ঠানিক সাহিত্য পত্রিকাগুলির বৈদ্যুতিন সংরক্ষণের যে নিরলস চেষ্টা বইপাড়া ডট কম চালিয়ে যাচ্ছে, ব্লগপাড়া সেই প্রচেষ্টাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আরও একটি নতুন মাধ্যম।

বইপাড়ার ব্লগপাড়া পাওয়া যাবে নীচের ঠিকানায়:

http://boipara.blogspot.com

বইপাড়ার ব্লগপাড়ায় এযাবৎ প্রাকশিত লেখাগুলির মধ্যে কিছু বাছাই:

ফালগুনি রায়ের কবিতা »
অমিয়ভুষণ মজুমদারের ছোটো গল্প »
সন্দীপন চট্টোপাধ্যায়ের আত্মজীবনি (অসমাপ্ত) »
হিরণ মিত্র: লেখায় ও আঁকায় »

নতুন কবিতা ডট কম

Tuesday, April 24th, 2007

‘নতুন কবিতা’র প্রথম বর্ষের প্রথম সংখ্যা হাতে পেয়েছিলাম মনে হয়, 2003-এর বইমেলায়, নাকি 2004? আর্যনীল, স্বপনদা, অভিজিৎ, রঞ্জনদা - সবার সঙ্গেই তখন সদ্য আলাপের কুয়াশায় আপাত ম্লান দুরের বতিঘর। পত্রিকার পাতা না ওলটাতেই পাতা ওলটানো হয়ে গেছিলো, শেষপাতার চুম্বকে চুমো বুক। সেখানে লেখা ছিলো,

… স্বপ্ন নিয়ে আমাদের কোনো দোদুল্য ছিল না। উত্তর প্রবাহ হাড় কাঁপিয়ে দিলেও না। কেবল রোদভরা মাথাটি খুঁজে পাওয়ার পথে পথে হেতু, হেয়ার স্টাইল, বাংলা বন্ধ, 15ই আগস্ট, গ্লোবার ওয়ার্মিং, দাঙ্গা, মিকি মাউস এবং সমবায়িকা পেরিয়ে শব্দের সুক্ষতম খেতিবাড়ি, সেই যে হার্ডবাউন্ড বাক্সগুলি, যার ভিতরে মৌমাছি চাষ হয়, কেবলই মধু গজিয়ে তা বোটলে পুরে ব্রঙ্কিয়াল প্লাজায় ছেড়ে দেয়ার জন্য, আমরা নিশ্চিত ওখানে স্বপ্ন নেই …

এরপর ঘনিষ্ঠতা বেড়ে ওঠে, লেখালিখি ও পাঠ-প্রকরণ। ভালোপাহাড়ের হাতেবোনা সোয়েটার জঙ্গলে একবার কবিতার কথা হয়েছিলো, বিকেলের আকাশে তখন ছিলো স্বপনদার আঙুল।

সে সব আঙুল ও বিকেলের আকাশের গায়ে এখন ফুটে ওঠে প্রযুক্তিপ্রাণ আর ব্রাউসার বারান্দায় নতুন কবিতার নতুন ঠিকানা লেখা হয়ঃ
নতুন কবিতা ডট কম: www.natunkabita.com

নতুন কবিতা ডট কমে আমার লেখা

অনলাইন গেম: ফ্যান্সি প্যান্ট 2

Monday, April 2nd, 2007

Fancy Pant 2

ব্রডব্যান্ড আর ও ইন্টারনেট ক্রমশঃ সস্তা ও পুষ্টিকর হয়ে যাওয়াতে অনলাইন গেম-এর বাজার আজকাল খুব রমরমা। মিনিক্লিপস ডট কম, শকওয়েভ ডট কন, আর্মার গেমস ডট কম, অরিসিনাল ডট কম, পপক্যাপ ডট কম , ইয়াহু গেমস -এইসব ঘাঘু ও পুরনো খেলুড়েরা ছাড়াও ইন্টারনেট হাইওয়ের দু’ধার দিয়ে গজিয়ে উঠছে গুচ্ছ গুচ্ছ অনলাইন গেমিং সাইট, পাড়ার রোলের দোকান বা অংকন শিক্ষা কেন্দ্রর মতো। এছাড়াও দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে জাপাক ডট কম , গেম ডট কো ইন-এর মতো দিশী গেমিং সাইট ও পো্র্টালগুলিও।

ইদানীং যে অনলাইন গেমগুলি আমি খেলছি বা খেলেচি, তার মধ্যে ফ্যান্সি প্যান্ট 1 আমার চমৎকার লেগেছিলো। সম্প্রতি ফ্যান্সি প্যান্ট-এর পরবর্তী পর্যায় প্রকাশিত হয়েছে ও তা পাওয়া যাচ্ছে এইখানে - ফ্যান্সি প্যান্ট 2 Fancy pant 2 (Demo version)ফ্যান্সি প্যান্ট 2-এও মূল চরিত্র ‘ফ্যান্সি প্যান্ট’ নামে এক দুর্দম কাঠিমানব; পরণে সেই ঢলঢলে কমলা হাফ-প্যান্ট আর মাথায় বাহারী টেরিকাটা চুল। আলাপ হয় গত বছর - ফ্যান্সি প্যান্ট 1-এ।

কৌরব ও কৌরব অনলাইন

Tuesday, March 20th, 2007

কৌরব আমার বেশ পছন্দের, এমনী সব থেকে পছন্দের বাংলা কবিতা ও সাহিত্যের পত্রিকা প্রায় পনেরো-বিশ বছর ধরে। 1989 সালের গোড়ার দিকে পপ্রথম পরিচয় কৌরাবের সঙ্গে আর প্রথম দর্শনেই প্রেম। কৌরবের চেতনা ও চরিত্র, তার ভাষা, দর্শন, প্রচ্ছদের গায়ে লিখে রাখা ফুটনোট, তার বাঁধাইয়ের নৈপুণ্য, তার আলো-বাতাস, মোটরহোমের রাস্তায় এঁকে রাখা জামশেদপুর, ব্রাত্য গাধার জেদগ্রীবার অহংকার, আমার মনোযোগ কেড়ে নেয় এক লহমায়। তারপর, হাওয়ায় হাওয়ায় অনেক বছর আর তারপর গুগল ঘেঁটে পেয়ে গেলাম কৌরব ডট কম। ব্যাস, তারপরেই আমি সাপের পাঁচ পা দেখতে শুরু করি।

কৌরবে আমার লেখা »

গুগল প্লাগইন

Friday, March 9th, 2007

রিচ বোকস (Rich Boakes) ও বোকস ডট অরগ (boakes.org)-যে অনেক ধন্যবাদ। বোকস মশাইয়ের বানানো ওয়ার্ডপ্রেসের জন্য গুগল অ্যানালিটিকস প্লাগইন Google Analytics Plugin এই ব্লগে চমৎকার কাজ করছে যেন খাপে খাপ।

খুব কাজের এই প্লাগইনটি পাওয়া যাবে এইখানে - Google Analytics Plugin for Wordpress