বুনো মরিচের জঙ্গল ও একটি প্রচ্ছদকাহিনী
Sunday, October 7th, 2007“…তোমাকে দেখাতে পারতুম বুনো মরিচের জঙ্গলে ঠ্যাঙ্গাড়ে ঘুমিয়ে পড়েছে…” - কমল চক্রবর্তী
বাবু কমল চক্রবর্তীকে দেখতুম দূর থেকে কখনো খুব কাছে আড়চোখে, কৌরব স্টলের বইমেলায়। সাহস ছিলো না, তাই আলাপও। আমাদের তখন হাতেখড়ি হয়ে গেছে পেন জুড়ে নেমে আসছে কিশোর বিদ্যুতের রেখার মতো নরম গোঁফের রোম। আর রোয়াবে পিঠের কাঁটা খাড়া। আমরা তখন লিখতে শিখছি ও কথা বলতেও। আমাদের কলমের শব জমছে দিগন্ত জুড়ে ধু ধু পুড়ে যাচ্ছে তখন আমাদের না-লেখা পান্ডুলিপি, খাতা।
তারপর, অনেক শেখা, অনেক ঋণ। আর, তারও অনেক পরে, আমাকে গদ্য লেখার সাহস ও শিক্ষা যোগান তিনিই। তবে, সেকথা তিনি জানতেন না।
কমল চক্রবর্তীর লেখা নিয়ে আমার প্রথম সচেতন নির্মাণ উপরের ছবিটি। নেহাতই সরলীকৃত চিত্রণ, আক্ষরিকও। বুনো মরিচের ঘন সবুজ লতার জঙ্গল প্রথম দেখি কুর্গে এবং তা মনে থেকে যায়। তাই, বুনো মরিচের সবুজ পাতায় ঘুমন্ত ঠ্যাঙাড়ের মুখ চিনতে আমার অসুবিধা হয় নি। আর্যনীল ভালোবেসে ছবিটি দিয়ে কৌরব অনলাইন 14-র প্রচ্ছদ সাজায়, 2005-এ।
ছবিটি আঁকা হয়ে গেলেও লাইনটি থাকে। কয়েকমাস বাদে ছবিটি দেখতে দেখতে সহসা ছবিটিকে বদলানোর তাগিদ অনুভব করি ও তৈরী হয় নীচের ছবিটি।
এই অব্দি আঁকা হলে বুঝতে পারি, ছবিটির সঙ্গে সুক্ষ্মভাবে জড়িয়ে আছে একটি লেখা, যেটি তখনো আঁকা হয় নাই, লেখাও। ফলতঃ সামাজিক তথা সাংস্কৃতিক কর্তব্য পালনহেতু আমি বেশ তর তর করে লেখাটি লিখে ফেলে বেশ তর্ হয়ে যাই। লেখাটি নিম্নরূপ:
প্রচ্ছদকাহিনী
[2006]
“তোমাকে দেখাতে পারতুম বুনো মরিচের জঙ্গলে ঠ্যাঙ্গাড়ে ঘুমিয়ে পড়েছে”
[প্রিয় কমল চক্রবর্তীকে, যিনি আমাকে বাংলা গদ্য লিখতে শিখিয়েছিলেন]
তোমাকে দেখাতে পারতুম:
তোমাকে দেখাতে পারতুম বললেই তোমাকে দেখাতে ইচ্ছে হয় খুব এই শহরসীমানার আকাশরেখায় ইঁট ইঁট বালি কাঠ পাথর পাথর আর চুনকাম চাতাল - এ সমস্ত জুড়ে কী চমৎকার বুনো মরিচের লতা ক্রমে বেয়ে উঠছে ঘন সবুজ ছায়া অ্যাপ্ড়ন ঘেঁষে ঘুমিয়ে পড়ছে ঠ্যাঙাড়ে রোদএর মতো আমাদের বাংলা মানেবই, ডিক্শনারী, ক্লাসটেস্ট, পরীক্ষার সুতোবাঁধা খাতা আর লাল কালি ডট পেন। আমাদের বোল ফুটছে মোম মোলায়েম গোলমরিচের ঝোপে দেখো শানিয়ে উঠছে আমাদের কাস্তেকাহিনীর গঠনরীতি আর তার হাতলবিহীন আলগা কারুকাজ। এইসব, এ সবই তোমাকে দেখাতে ইচ্ছে করে আজ ঝোপলতার ভারী পাতায় কেমন গড়িয়ে গাঢ় হচ্ছো তুমি মাদাম সবুজ আর গোকুলে বেড়ে উঠছে আমাদের লিখনভঙ্গির হাহাকার, ঘুমখুনিয়া মরিচলতায় আঁকা আমাদের এইসব এলোমেলো প্রচ্ছদগাথা; ছবি।
বুনো মরিচের জঙ্গলে:
বুনো মরিচের জঙ্গলে তোমার কথা ভাবতেই জীপচিৎকারের আলো ছিটকে পিচরাস্তার চেরা সিঁথি আর ঝুঁকে থাকা অরণ্যকেশে ফুটে ওঠে ঠ্যাঙাড়ের ঘুমন্ত চোখে এক অনর্গল পেন্সিলকাহিনী ও তার বাঁধানো মলাটে ঘেরা রুলটানা হোমটাস্ক; কাহাদের নামলেখা খাতা। এ বনবীথি মাঝে সন্ধ্যা নামিলে দুরূহ মরিচলতায় দেখো মৃদু আলোড়নে কেঁপে ওঠে আমাদের শ্বাসবৃন্তে ঝুলে থাকা বানানবিধির ছাপানো পোস্টার আর ব্ল্যাকবোর্ড জুড়ে আঁকা চকখড়ি, শেষ পিরিয়ডে নেওয়া যত ব্যাকরণ ক্লাস। এবারে তবে তুমি এ ঘুমপাতার মরিচ আঁধারে দস্যুর চেনামুখ দেখো কেমন দাগিয়ে দেওয়া প্রশ্নপত্রে খুব গাঢ় ও সবুজে ঝিম জমেছে এইসব বর্গীর বুলবুলি গান। তবে কি, আজ এ মরিচবনে এই-ই হবে আমাদের ঘুনু-ঘুনু খেলা?
ঠ্যাঙাড়ে ঘুমিয়ে পড়েছে:
ঠ্যাঙাড়ে ঘুমিয়ে পড়েছে জেনে এখন দেখো এ মরিচজঙ্গলে শান দেওয়া হয় পুস্তকবারান্দায় চাপা রাখা আমাদিগের অষ্টমশ্রেণীর দেওয়ালপত্রিকা ও তাহার শেষনাহওয়া গল্পগুলির তক্তাপোষা ব্লেডবিদ্রোহগাথা। বুনোমরিচের ঘুমজঙ্গলে এখন আমাদের শিবিরকথনের ক্লাস শুরু হয় ফার্স্ট পিরিয়ডেই বি.সি.বি.-র রোলকল হয় পেজেন প্লিজ আর লাস্ট বেঞ্চের পুরনো হাতলে দএখো বানানবর্ণনায় কম্পাস লেখা হয় খুলে রাখা সাদামোজা টিফিনবাক্সের শান্ত পাঁউরুটিদের কথা। তোমাকে দেখতে পারার প্রসঙ্গে আজ আমাদের রোজটিপিনের আলুমরিচে ঘুমিয়ে পড়ে ঠ্যাঙ্গাড়ের জঙ্গলবই আর তার আঁকাবাঁকা ফটোবিকেলের গলার বোতামআঁটা বেমওকা নীলডাউনের প্রথা। তোমার এ মরিচবনে আজ ঠ্যাঙাড়ের ঘুম দেখে খুব হ্য় খুনফাবড়ায় টিউশানি টেবিলগুলির জনিসোকো মিস্ করা রচনাবইয়ের সাথে ব্রাউন মলাটে ঘেরা খাতা। তবে কি ক্লাসবৃ্ত্তের বানারেখায় আজি পুরাইলো ঘুমঠ্যাঙাড়িয়া ভেউবৃ্ত্তিরো পালা!
Unable to see Bengali text? Read this text as a GIF »
লেখাটির প্রথম কিছু অংশের ইংরিজি ও ফরাসী ভাবানুবাদ করেন, রুফ্লাকেত দোরে মহাশয়।


