একটি বাংলা ব্লগের ভূমিকা
Tuesday, March 6th, 2007বাংলা ব্লগ বানানোর মতলবটা আমার বহুদিনের। ফলে, ‘একটি বাংলা ব্লগ‘ ধরাধামে, থুড়ি নেটধামে আবির্ভূত হওয়ার ঢের আগেই, 2007-এর শুরুর দিকে, আমার কী-বোর্ড চুলকোতে শুরু করে এবং আমি এই অজাত, অনাগত ‘একটি বাংলা ব্লগ‘-এর জন্য একটি ভূমিকা বা ভাণপত্র লিখে রাখি আগে-ভাগে; হওয়ার আগেই ছেলের নাম বৃন্দাবন রাখার মতো। এখন, যখন ‘একটি বাংলা ব্লগ‘-এর কচি কচি ন্যাজ শিং দাড়ি ও খুর গজাতে শুরু করেছে, তখন সে ভূমিকা এখেনে টুকে না রাখার কোনো মানেই হয় না।
শমিতঅনলাইন ডট নেট: ‘একটি বাংলা ব্লগ’ আমার ব্যক্তিগত বাংলা ব্লগ। আমার নিজের লেখালিখি-ঘষাঘষির ঢেঁড়া পেটানো; আমার ভালো লাগা কিছু বাংলা মাল, বাংলা ভাষার ভবিষ্যৎচিন্তায় আমার নিদ্রাহীনতার ধারাবিবরণী; আমার বাংলা ভাষাবোধের গঠন ও ভূপ্রকৃতি; আমার শব্দচেতনার এলোখোঁপা; আমার কুর্ণিশচিৎকার; আমার হরফকাহিনীর ভাঁজে রাখা সাদা বুকমার্ক - এইসব, এ-ই সব, হিজিবিজি ও বালছাল টুকে রাখার জন্যই এত ঘটা, এত ঘ্যাম, এত খেটেখুটে এইসব ঢপের নির্মাণ।
বলা বাহুল্য, এই পিসটি নামিয়ে বেশ আনন্দ পেয়েছিলুম। মনে হয়েছিলো, ন্যাজে গোলাপফুল ফুটেছে।