অবশেষে আমারও একটি ইউনিকোডে লেখা বাংলা ওয়ার্ডপ্রেস ব্লগ হলো। ধন্যবাদ হাসিন হায়দার, একুশে ডট অরগ ও ওয়ার্ডপ্রেসকে।
ওয়ার্ডপ্রেস-এ একটা ইউনিকোড বাংলা ব্লগ আলাদাভাবে শুরু করবো একথা অনেকদিনই। আর ভাবতে ভাবতে রোজই দেখি বেলা গড়িয়ে এক একটি কাঁদো কাঁদো বিকেল আর বিকেল গড়িয়ে দেখি ঠান্ডা বীয়ারমাগের গা দিয়ে টুপ টুপ ক’রে এক একটি সন্ধের ফোঁটা নেমে আসে ভেংকটেশ্বরা ওয়াইন শপের খাবলানো টেবিলে। ফলতঃ পৃথক ডোমেইনগিরির আদুরে প্যাচাল বাদ আর হাসিন হায়দার ভাই, সঙ্গে একুশে ডট অরগ কে একশ’ সালাম দিয়ে এখানেই মানে এই শমিত অনলাইনের বারোয়ারী ওয়ার্ডপ্রেস বারান্দাতেই ব্লগ বাওয়ালীর বাংলা খাতা খুলে ফেলা যায় আপাততঃ।
শ্রদ্ধেয় হাসিন হায়দার ভাই ওয়ার্ডপ্রেসে ইউনিকোড বাংলা লেখার জন্য যে চমৎকার প্লাগইনটি বানিয়েছেন, তা দিয়ে ইউনিজয় ও ফোনেটিক দুই প্রকার কী-বোর্ড বিন্যাসেই সহজে বাংলা লিখে ফেলা যায় ওয়ার্ডপ্রেসের পোস্টবাক্সে। ওয়ার্ডপ্রেসে ইউনিকোডে বাংলা লেখার এই প্লাগইনটি ডাউনলোড করা যেতে পারে এইখানে।
সুবিধার কথা, এই প্লাগইনটি ব্যবহার করার জন্য কোনো আলাদা ফন্ট ইনস্টল করার প্রয়োজন পরে না। প্লাগইনটি ডাউনলোড করে, প্রথমে সেটিকে আনজিপ করতে হবে এবং তারপর সম্পুর্ণ ফোল্ডারটিকে আপলোড করতে হবে ওয়ার্ডপ্রেসের প্লাগইন ডিরেক্টরিতে, অন্যান্য ওয়ার্ডপ্রেস প্লাগইনের মতোই। এবার ওয়ার্ডপ্রেসের কন্ট্রোল প্যানেলের Plugin বিভাগে গিয়ে BanglKB - এই প্লাগইনটিকে চালু করে দিতে হবে। এর পর, Users বিভাগের ভিতরে Your Profile উপবিভাগে গিয়ে “Use the visual editor when writing” এই সুবিধাটিকে uncheck অর্থাৎ বন্ধ করে দিতে হবে। ব্যস, ওয়ার্ডপ্রেসে বাংলা লেখার কল তৈরী।
একুশে ডট অর্গের এই পাতায় এ বিষয়ে আরো বিশদ বর্ণনা ও নির্দেশাবলী আছে। প্লাগইনটি চালু করার জন্য ও ব্যবহার করার জন্য সেগুলি এক-দু’বার পড়ে্ নেওয়া ভালো।